দক্ষিণ পূর্ব

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবে না সরকার: তারেক রহমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬
পঠিত :
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবে না সরকার: তারেক রহমান

ছবি : প্রধানমন্ত্রী তারেক রহমান

কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবের কারণে কিছু ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় বেশি লাগতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।


মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মহাখালীর করাইল এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা তারা উপলব্ধি করেন। তবে সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিবেচনায় নিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, “আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেখান থেকে বিন্দুমাত্র সরে যাব না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় বেশি লাগতে পারে।”

 

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।


নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষা ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

 

তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে।


‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে নারীপ্রধান পরিবারগুলোর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।


করাইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ড’ বিতরণের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন, বেদ, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। এরপর পরিবেশিত হয় বিএনপির দলীয় সঙ্গীত এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যের আগে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বক্তব্য দেন। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠানে ১৭ জন নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্ড বিতরণের পর ল্যাপটপে একটি বাটন চাপলে উপকারভোগীদের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে নগদ অর্থ পৌঁছে যায়। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।