সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম নগরে ভয়াবহ জলাবদ্ধতার চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেছেন পেশাজীবী নেতা ও রাজনীতিবিদ ডা. আবু নাছের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির বরাত দিয়ে তিনি বলেন, নগরের এই দুর্দশার চিত্র সত্যিই ভয়াবহ এবং এটি দীর্ঘমেয়াদি সমস্যায় রূপ নিচ্ছে।
ডা. নাছের বলেন, রাস্তাঘাট ও পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই নগরে দীর্ঘক্ষণ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটি নগরজীবনের জন্য দীর্ঘমেয়াদি সংকট তৈরি করছে। তিনি বলেন, "প্রত্যেকটা ফেসবুক ভিডিও সংগ্রহ করে দেখলেই বুঝতে পারবেন নগরের চিত্র কতটা ভয়াবহ।"
সিটি কর্পোরেশন ও সিডিএকে গতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে দ্রুত বসে বিশেষ বরাদ্দ এনে কাজ শেষ করতে হবে। সেনাবাহিনী বর্তমানে রাস্তা অবরোধ করে নালার কাজ করছে। কিন্তু এই প্রক্রিয়ায় দুটি বিষয় একসঙ্গে নিশ্চিত করতে হবে — একদিকে নির্মাণকাজ চলবে, অন্যদিকে জলাবদ্ধতা যাতে না হয় সেটাও দেখতে হবে।
ডা. নাছের আরও বলেন, "সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও সিডিএ আরেকটু গতিশীল না হলে নগরের জনগণের কষ্ট আরও বাড়বে।"
এই সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন ডা. নাছের। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জলাবদ্ধতা নিরসনে সব উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে এবং দলীয় সংগঠনগুলোকে যুক্ত করে নালা, নর্দমা ও খাল খননের কাজ শুরু করেছিল। সেই ধারা অব্যাহত রেখে সমন্বিত টিম গঠন করে কার্যকর পদক্ষেপ নিলে দ্রুত সুফল মিলবে।
অবৈধ স্বার্থান্বেষীদের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে ডা. নাছের বলেন, একটি মহল চাইবে না এই কাজগুলো দ্রুত শেষ হোক। কারণ কাজ শেষ হয়ে গেলে তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, "দলমত নির্বিশেষে দেশের ও জনগণের স্বার্থে সকল সংগঠনকে কাজে লাগালে এই সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।"
প্রসঙ্গত, ডা. আবু নাছের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের রাজনীতি, সমাজ ও চিকিৎসা সেবায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।