জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান এ এস এম আমানুল্লাহ।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ টি এম জাফরুল আযম ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লক্ষ ৬০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৬৬৪ কোটি ৮ লক্ষ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন, যা অধিবেশনে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে, ৬১৭ কোটি ১৩ লক্ষ ৭৩ হাজার টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ১৮৩ কোটি ৯০ লক্ষ ৮৭ হাজার টাকা।
অন্যদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় ৬২৫ কোটি ২ লক্ষ ৭৭ হাজার টাকা এবং ঘাটতি ৩৯ কোটি ৫ লক্ষ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য তার অভিভাষণে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন যুগোপযোগী ও কর্মমুখী কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১৫০টিরও বেশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালু, মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে সাতটি বিদেশি ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি, স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করা এবং সিলেবাস সংস্কার।
এ ছাড়া গ্রিন ক্যাম্পাস তৈরির লক্ষ্যে আগামী ৫ বছরে ৪০ লক্ষ শিক্ষার্থীর মাধ্যমে ২ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং নৈতিক শিক্ষার প্রসারে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অভিভাষণে সিনেট চেয়ারম্যান এ এস এম আমানুল্লাহ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল ডিগ্রি প্রদান নয়, বরং এমন দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যারা পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে।
সিনেট সদস্যগণ উপাচার্যের এই অভিভাষণের ওপর আলোচনায় অংশ নেন এবং বর্তমান প্রশাসনের উদ্যোগগুলো বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন। অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং বিশিষ্ট নাগরিকদের মৃত্যুতে শোক প্রস্তাবের পর এক মিনিট নীরবতা পালন করা হয়।
অধিবেশনে সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান, জি এম সিরাজ, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, প্রো ভাইস-চ্যান্সেলর মো. লুৎফর রহমান ও মোহাম্মদ আলী জিন্নাহ এবং পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ ৭০ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।