দক্ষিণ পূর্ব

জাপানের রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০১:৫৫ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ২৪
জাপানের রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে ‘ন্যাশনাল পজিশন পেপার আনভেইলিং অ্যান্ড ডায়লগ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশনএইড।

শামা ওবায়েদ বলেন, “এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। এটি একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাবে, সেটা মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত।”

জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জাপান বাংলাদেশের উন্নয়ন ও বাণিজ্যের অন্যতম শীর্ষ অংশীদার। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্ক রয়েছে, যা বর্তমানে আরও গভীর হয়েছে। বিএনপি সরকারের সময় দুই দেশের সম্পর্ক আরও উন্নত অবস্থানে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সফরে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এ সফরের মাধ্যমে জাপানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও বাড়বে। প্রধানমন্ত্রীর সফর জাপানি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সরকার আশা করছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘বাংলাদেশ ইনভেস্ট’ নামে একটি নতুন সংস্থা গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আনার প্রচেষ্টা থাকবে।

প্রধানমন্ত্রীর জাপান সফরের কূটনৈতিক বিষয় তদারকি ও সার্বিক আয়োজন সমন্বয়ের দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে টোকিও থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সফরে দুই দেশের সম্পর্ক জোরদার এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির প্রত্যাশা করছে বাংলাদেশ। 

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।