পুরান ঢাকার ওয়ারীতে পরিবারের সদস্যদের জন্য গরুর নলি রান্না করতে চেয়েছিলেন লাইলী বেগম। সেই শখের রান্নার উপকরণ কিনতে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি মাংসের দোকানে যান তিনি। গরুর মাংসের পাশাপাশি ৫৫০ টাকা দিয়ে কেনেন এক কেজি নলি। কিন্তু বাসায় ফিরে নলি কাটতেই তার চোখে পড়ে অস্বাভাবিক বিষয়। নলির ভেতরে মাংসের বদলে ঠাসা চর্বি।
এ ঘটনায় দোকানির কাছে প্রতিকার চাইতে গিয়ে উল্টো হয়রানি ও হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন লাইলী বেগম। পরে কেনা মাংস ও নলির নমুনা হাতে নিয়ে ঢাকা আদালতপাড়ায় যান তিনি। তার অভিযোগ, নলির ভেতরে চর্বি ঢুকিয়ে মাংসের নামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
বুধবার দুপুর ২টা থেকে ৩টার পরও আদালত চত্বরে ঘুরে বেড়াতে দেখা যায় লাইলী বেগমকে। তার হাতে ছিল সবুজ পলিথিনে রাখা কেনা মাংস ও নলি। সেখানে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সামনে নলির দুটি অংশ আলাদা করে দেখান তিনি। এর একটি আসল এবং অন্যটি চর্বি দিয়ে ভরা নকল নলি বলে দাবি করেন।
লাইলী বেগমের ভাষ্য, তিনি ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস এবং ৫৫০ টাকায় এক কেজি নলি কিনেছিলেন। কিন্তু নলির একটি অংশের ভেতরে প্রায় এক কেজির কাছাকাছি চর্বি পাওয়া গেছে বলে দাবি তার।
আদালত এলাকায় নমুনা দেখিয়ে তিনি বলেন, ‘একটা আসল চর্বি আর একটা নকল আছে। নলি এইটা আমার বাম হাতেরটা হচ্ছে আসলটা, আর এইটা হচ্ছে নকলটা। আমি ৮০০ টাকা কেজি গরুর মাংস নিয়ে এসেছিলাম। উনি আমাকে এক কেজির মতো নলির ভিতরে চর্বি দিয়ে ভরে রাখছে।’
তিনি আরও বলেন, ‘এক কেজি নলি নিয়েছিলাম ৫৫০ টাকা দিয়ে। ওটার ভেতরে চর্বি দিয়ে রাখছে। নলির ভেতরে মাংস যেটা নিয়েছিলাম, চর্বি দিয়ে ভরা। একদম চর্বি দিয়ে ভরা নলি নাই। এটা একদম নকল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব, উনারা এটা চর্বি দিয়ে রাখছে।’
লাইলী বেগম জানান, কেনার প্রায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই বিষয়টি বুঝতে পেরে তিনি দোকানির কাছে যান। পণ্য পরিবর্তন অথবা পুরো টাকা ফেরত চান। তবে তার অভিযোগ, দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি। ৫৫০ টাকার মাংস ও হাড্ডির বদলে ৩৫০ টাকা দেওয়ার প্রস্তাব দেন।
এ প্রস্তাবে রাজি না হয়ে লাইলী বেগম পণ্য বদলে দেওয়া অথবা পুরো টাকা ফেরত দেওয়ার দাবি জানান। সাংবাদিক ও পুলিশের কাছে যাওয়ার কথা বললে দোকানির পক্ষ থেকে ‘আমাদের কিছু হবে না’ বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তবে অভিযুক্ত দোকানির বক্তব্য পাওয়া যায়নি।
শুধু নিজের টাকা ফেরত পাওয়াই তার উদ্দেশ্য নয় বলে জানান লাইলী বেগম। তার আশঙ্কা, এ ধরনের প্রতারণা চলতে থাকলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন স্বল্প আয়ের মানুষ। তিনি বলেন, আজ তার কাছে টাকা থাকায় ক্ষতি সামাল দিতে পারছেন। কিন্তু দরিদ্র মানুষ এভাবে প্রতারিত হলে কোথায় যাবেন? এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
আদালত চত্বরে এসে এখনো কোনো সহায়তা পাননি জানিয়ে লাইলী বেগম বলেন, ‘আমি চাই এটা সবাই দেখুক, আমার এই ভিডিওটা সবাই জানুক। আমি যাতে এটার প্রমাণ পাইতে পারি এবং মানুষের একটা শিক্ষা হতে পারে।’
আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই থানায় অভিযোগ করব। কারণ মানুষকে ঠকাবে কেন? আজকে টাকা-পয়সা আছে, মানে হাজবেন্ডের... আজকে খেতে পারতেছি, গরিব মানুষ তো খেতে পারবে না।’
এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, প্রতারণার অঙ্ক কম বা বেশি—যাই হোক, তা আইনের চোখে অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ছলচাতুরির মাধ্যমে কাউকে সম্পত্তি বা অর্থ হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এমন ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি আদালতেও মামলা করতে পারেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।