দক্ষিণ পূর্ব

জামায়াত আমীরের সাথে শীর্ষ হিন্দু নেতাদের সাক্ষাৎ

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৫ বিকাল
পঠিত : ৩
জামায়াত আমীরের সাথে শীর্ষ হিন্দু নেতাদের সাক্ষাৎ

ছবি

Degchibarictg

বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ আমাদের সবার প্রিয় জন্মভূমি। এ দেশে আমরা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ—আমরা সবাই বাংলাদেশি এবং এ দেশের গর্বিত নাগরিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব।’

বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আয়োজিত এ সভায় হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে সহযোগিতা ও ভূমিকা রেখেছেন, তার প্রশংসা করেছেন সম্প্রদায়টির নেতারা। সভায় তাঁরা নিজেদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা তুলে ধরেছেন।

এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে বিরোধীদলীয় নেতা তাঁদের আশ্বস্ত করেছেন উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্য ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তাঁদের সঙ্গে ভবিষ্যতেও মতবিনিময় অব্যাহত থাকবে এবং তাঁদের পাশে থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করা হবে।

সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে হিন্দু সম্প্রদায়ের নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য তিনি জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।

সুব্রত চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে দেশের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে হবে। এ ক্ষেত্রে ভবিষ্যতে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শুধু বক্তব্যে নয়, বাস্তবেও সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাঁরা নিজেদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার বিষয় তুলে ধরে সেগুলো সমাধানে সরকার ও বিরোধী দলকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।