নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে আল-হেলাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) জিইসি এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হোটেলটির রান্নাঘর ও স্টোররুমে বেশ কিছু অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। রান্নাঘরের বিভিন্ন স্থানে তেলাপোকার বিচরণ, স্টোররুমে বিড়ালের উপস্থিতি এবং খোলা অবস্থায় ডাস্টবিন রাখার বিষয়টি নজরে আসে।
এ ছাড়া ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণ, স্যাঁতসেঁতে ও ভাঙা মেঝে, মেয়াদোত্তীর্ণ ঘি মজুত এবং পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা জানান , জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।