চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতিতে এখন থেকেই মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন ডাকসুর জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে আনোয়ারার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। সামনে আরও কঠিন প্রতিযোগিতা অপেক্ষা করছে।
এস এম ফরহাদ বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর অনেকের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয়। কিন্তু বাস্তবতা হলো, পরবর্তী দুই বছর শিক্ষাজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের প্রস্তুতিই অনেকটা নির্ধারণ করবে ভবিষ্যতে একজন শিক্ষার্থী কোথায় পৌঁছাবে।’
তিনি বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছে এবং এক লাখের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিপরীতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন তুলনামূলকভাবে কম। তাই জিপিএ-৫ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আরও কঠোর প্রস্তুতি নিতে হবে।
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার লক্ষ্য নির্ধারণ করতে হবে। বড় স্বপ্ন শিক্ষার্থীদের মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করতে পারে।
পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পরিকল্পনা করে সময় ব্যবহারের পরামর্শ দেন ডাকসুর জিএস। তিনি বলেন, কখন পড়বে, কোন অধ্যায় শেষ করবে এবং কখন বিরতি নেবে—এসব আগে থেকেই ঠিক করা উচিত। একটানা দীর্ঘ সময় পড়ার পরিবর্তে ৩০ থেকে ৫০ মিনিট পড়ার পর অল্প বিরতি নিয়ে আবার পড়ায় মনোযোগ দেওয়া যেতে পারে।
মোবাইল ফোন ও প্রযুক্তির ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইনে শিক্ষার নানা সুযোগ রয়েছে। তবে শিক্ষামূলক কনটেন্ট দেখতে গিয়ে যেন অপ্রয়োজনীয় অন্য কনটেন্টে সময় চলে না যায়, সেদিকে শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে। প্রযুক্তিকে শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে, সময় নষ্টের মাধ্যম হিসেবে নয়।
এস এম ফরহাদ শিক্ষার্থীদের ‘থিংক গ্লোবালি, অ্যাক্ট লোকালি’ নীতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিজের জায়গা থেকে কাজ করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার স্বপ্ন থাকতে হবে।
পারিবারিক আর্থিক সংকটকে সফলতার পথে চূড়ান্ত বাধা না ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রতিকূলতার মধ্য থেকেও অনেক মানুষ সফল হয়েছেন। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হলে সেটিকে হতাশার কারণ না বানিয়ে বরং এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে নিতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ফরমানুর রহমান জাহিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার সেক্রেটারি আবুল হাসান ও ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির আনোয়ারা উপজেলার তত্ত্বাবধায়ক শোয়াইবুল ইসলাম মোরশেদ ও সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সভাপতি হাফেজ সাইফুদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি রিয়াদুল এরশাদ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।