চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনকে কোনোভাবেই এককভাবে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই। এটি ছিল ছাত্র, শ্রমিক, কৃষক, মজদুর, রাজনীতিবিদ, সমাজবিদ, পেশাজীবীসহ দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন।
বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১৭ বছর ধরে চট্টগ্রামের মাটিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস, বিএনপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। এ সময় তাঁদের অনেকেই কারাবরণ করেছেন এবং নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, ২০০৯ সালের ৫ আগস্ট মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের সময় এবং পরবর্তীতে ২০১৩ সালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নেন। বারবার কারাবরণ করেও তিনি দেশের স্বার্থে কোনো আপস করেননি।
চসিক মেয়র বলেন, জুলাই-আগস্টের আন্দোলন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আন্দোলন-সংগ্রামে নিহত আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, স্নিগ্ধ, রাব্বি, ফারুক, তানভীরসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আন্দোলনে আহত ও চিকিৎসাধীন ব্যক্তিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বিভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।