ঐতিহাসিক জুলাই'২৪ গণঅভ্যুত্থানের স্মরণে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের সেগুন বাগান ইসলামী পাঠাগারে ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলশী থানা চট্টগ্রাম মহানগরী।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহম্মদ শান্তর পিতা মো. জাকির হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের স্মরণে জনসেবামূলক এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করবে। নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, "চট্টগ্রামে আমার সন্তানসহ তিনজন একই দিনে শহীদ হয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে একজনের কথা বলা হলেও আমার সন্তানের নাম বলা হয় না। এটি শহীদদের প্রতি বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্যই আমার সন্তানরা শহীদ হয়েছে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম। তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি মানুষের অধিকার ও ন্যায়ের সংগ্রামের প্রতীক। শহীদদের স্মরণে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।" তিনি আরও অভিযোগ করে বলেন, "গতকাল ফ্যাসিবাদী হাসিনার গুণ্ডাবাহিনীর ভূমিকায় ছাত্রদল অবতীর্ণ হয়েছে।" একই সঙ্গে তিনি ছাত্রদলকে নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার সরকারকে আহ্বান জানান।
খুলশী থানা জামায়াতের আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী।
বিশেষ অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, "মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও চিকিৎসা, শিক্ষা ও মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলশী থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক একরামুল হক, ১৩ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, ১৪ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মুহাম্মদ আবু রাশেদ, ১৪ নম্বর ওয়ার্ডের লালখান বাজার কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হুদা, থানা কর্মপরিষদ সদস্য ও সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, কে এম জাবেদ, মাস্টার জাহাঙ্গীর আলম, এরশাদ খান, মোমিনুল ইসলামসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।