শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রামের ঐতিহাসিক জে এম সেন হলের পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে নগরের রহমতগঞ্জের পূজামণ্ডপে পৌঁছে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। পরে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পূজামণ্ডপে উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নজিমুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সা চিং প্রু, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির স্থানীয় নেতারা তাঁকে স্বাগত জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে পূজামণ্ডপের পথে সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির হাজারো নেতা-কর্মী ও সমর্থক। তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। গাড়িতে বসে তাঁদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা সফরের অংশ হিসেবে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী। এর আগে দিনের বেলায় রংপুর ও রাজশাহীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
মঙ্গলবার মহা নবমী উদ্যাপিত হয়েছে। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরেরশারদীয় দুর্গোৎসব।
আরএইচ/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।