দক্ষিণ পূর্ব

জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬
পঠিত :
জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।

 

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যসংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল।

 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ওই অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে রাশিয়ার দিকে নজর দেয় বাংলাদেশ সরকার। তবে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় আমদানি প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। এ অবস্থায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়।

 

এদিকে, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন গত ১৫ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাশিয়া থেকে জ্বালানি সহায়তার বিষয়েও আলোচনা হয়।

 

এর আগে গত ৩১ মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র।

 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

 

এছাড়া, রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় কোনো দেশে পরিশোধনের পর বাংলাদেশে আমদানির বিকল্প পথ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।