বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মুম্বাইয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রোববার সন্ধ্যায় শহরের জুহু এলাকার পুষ্পা পার্কের কাছে এ ঘটনা ঘটে। টাইগার শ্রফ অক্ষত থাকলেও গুলিতে আহত হয়েছেন তাঁর গাড়িচালক ও কাছাকাছি থাকা একটি অটোরিকশার চালক। এ ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার পর টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফ জানিয়েছেন, তাঁর ছেলে নিরাপদে আছেন। হামলাকারীদের শনাক্ত করতে ১৫টি বিশেষ দল গঠন করেছে মুম্বাই পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছেন তদন্তকারীরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকে। অভিনেতা রণবীর শোরে হামলাটিকে ‘ভয়াবহ ও জঘন্য’ বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিচালক রাহুল ঢোলাকিয়াও মুম্বাইয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে চলচ্চিত্রকর্মীদের নিরাপত্তা জোরদার ও চাঁদাবাজির চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলার দায় স্বীকার করেছে। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, এ দাবির সত্যতা এখনো যাচাই করা হয়নি। হামলার কারণ এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বলিউড তারকাদের ঘিরে গুলির ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে এসে গুলি চালায় দুই ব্যক্তি। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও তারকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।
এরপর ২০২৫ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে কৌতুকাভিনেতা ও সঞ্চালক কপিল শর্মার মালিকানাধীন ক্যাপস ক্যাফেতে তিন দফায় গুলি চালানো হয়। ১০ জুলাই প্রথম হামলার পর ৭ আগস্ট ও ১৬ অক্টোবর আবারও হামলা হয়। এতে ক্যাফের জানালা ও ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি। ঘটনাগুলো চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
একের পর এক এমন ঘটনায় বলিউড তারকা ও তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সেই উদ্বেগ আরও জোরালো হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।