শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। এ ছুটি নির্বিঘ্ন করতে গত শনিবার (১৭ অক্টোবর) সরকারি অফিস-আদালত খোলা রাখা হয়েছিল।
দীর্ঘ ছুটিতে কর্মজীবীদের অনেকে গ্রামের বাড়িতে গেছেন। ছুটি শুরুর আগের দিন সোমবার বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত এক দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়। এর ফলে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে ২২ অক্টোবরের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটি তৈরি হয়েছে।
এদিকে শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও চলছে ছুটি। স্কুলের শ্রেণি কার্যক্রম ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাঠদান ও অন্যান্য কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে কলেজের শ্রেণি কার্যক্রম ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ১ নভেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।
আরএইচ/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।