স্পোর্টস ডেস্ক
‘টেস্টের খেলোয়াড়’ তকমা পাওয়া সাদমান ইসলাম দেখিয়ে দিলেন, তিনি ছোট ফরম্যাটেও সমান কার্যকর। বিপিএলের দলে জায়গা না পাওয়া এই ওপেনার এনসিএল টি-টোয়েন্টিতে ঝড় তুললেন ব্যাট হাতে। ৫৯ বলে দুর্দান্ত সেঞ্চুরি করে এবারের আসরের প্রথম শতক উপহার দিলেন তিনি।
শনিবার (৪ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো ৯৬ রানে হারিয়েছে বরিশাল বিভাগকে। আগে ব্যাট করে সাদমানের ব্যাটে ভর করে মেট্রো তোলে ১৯৭ রান। জবাবে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় বরিশাল। এতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে আসে ঢাকা মেট্রো। ৮ দলের মধ্যে তলানিতে আছে বরিশাল।
সাদমানের ইনিংসটি ছিল এক কথায় দাপুটে। ৩০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ১৯তম ওভারের দ্বিতীয় বলে রুয়েল মিয়ার ডেলিভারি স্কয়ার লেগে ঠেলে দুই রান নিয়ে শতক পূর্ণ করেন। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। এটি স্বীকৃত টি-টোয়েন্টিতে সাদমানের প্রথম সেঞ্চুরি। এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৪ রান।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সাদমান এখন পর্যন্ত খেলেছেন ২৪ টেস্ট ও ৯৪টি প্রথম শ্রেণির ম্যাচ। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ম্যাচ সংখ্যা ৯১ হলেও, টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ২০টি। তবুও এবারের এনসিএল টি-টোয়েন্টিতে তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিক। গত ম্যাচেও ৩২ বলে করেছিলেন ৪৯ রান।
দিনের অন্য ম্যাচে রংপুর বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। ম্যাচে হ্যাটট্রিক হাতছাড়া করেছেন রংপুরের স্পিনার আবু হাশিম। ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে হাবিবুর রহমান সোহান, এসএম মেহেরব হাসান ও প্রিতম কুমারকে আউট করেও ‘ওয়াইড’ বলের কারণে হ্যাটট্রিক মিস করেন তিনি।
রাজশাহীর রান তাড়ায় পাওয়ার প্লের ছয় ওভারে ৫ উইকেট হারানোর পর সাব্বির রহমান ও শাকির হোসেন শুভ্র জুটি গড়ে দলকে টেনে তোলেন। ৬১ বলে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফেরান তারা। ৩৫ বলে ৩৫ রান করে আউট হন সাব্বির, তবে শাকির অপরাজিত থাকেন ৪২ বলে ৫২ রানে।
নিহাদউজ্জামানের ১৪ বলে ২৭ রানের ইনিংসের সঙ্গে ২৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে রাজশাহী। এর আগে রংপুরের হয়ে ইকবাল হোসেন করেন ৪৫ বলে ৫০ রান। রাজশাহীর হয়ে ২৩ রানে ৩ উইকেট নেন অধিনায়ক সাব্বির হোসেন।
এই জয়ে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রাজশাহী, সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে রংপুর।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।