ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামি জ্ঞানের সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং, ডেটা ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, অনলাইন ফ্রিল্যান্সিং, কনটেন্ট ডেভেলপমেন্ট ও ডিজিটাল প্রকাশনার মতো খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা দেশ-বিদেশে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র আয়োজিত ‘মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে ডিজিটাল দাওয়াহ ও জ্ঞানচর্চার নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারলে মাদ্রাসা শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবেন।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষকদের অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। ফাজিল ও কামিল পর্যায়ে গবেষণাধর্মী পাঠ, একাডেমিক লেখালেখি এবং জার্নাল প্রকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি আবাসিক হোস্টেলে গ্রুপ স্টাডি ও ডিবেট ক্লাব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে বক্তারা মাদ্রাসা শিক্ষার বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থা, বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদ্রাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মাদ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবু বকর রফিক আহমেদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।
এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মো. নওসের আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. নেছারুল করীম, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবুল মনছুর, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আবুল ইয়াহিয়া মুহাম্মদ মহসিন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।