দক্ষিণ পূর্ব

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
পঠিত : ১৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

ছবি

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি।

 

রোববার (২৩ আগস্ট) উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের কুমিল্লাগামী লেনের পেন্নাই ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সিডিএম পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের কুমিল্লাগামী লেনের ওপর উল্টে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।

 

দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের একাংশজুড়ে পড়ে থাকায় কুমিল্লাগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। তবে বাসটির পাশ দিয়ে এক পাশ ব্যবহার করে যানবাহন চলাচল করায় বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। দুর্ঘটনাস্থলে যানবাহন ধীরগতিতে চলাচল করে।

 

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র, জেলা ট্রাফিক পুলিশ, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাতজন বাড়ি ফিরে যান। অন্য আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

 

এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়কে পড়ে থাকায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়। পরে পুলিশের রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

 

নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পর তাঁরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। বাসটি এক পাশে উল্টে থাকায় ওই অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল। পরে রেকারের মাধ্যমে বাসটি সরিয়ে নেওয়া হয়।

 

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।