দক্ষিণ পূর্ব

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
পঠিত :
তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেলে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে। তিনি ইট ও বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিন ব্যবসার কাজে মজুত করা বালু দেখতে সেখানে গেলে একটি মাইক্রোবাসে করে কয়েকজন এসে তাঁকে গুলি করে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা মো. মুসা বাদী হয়ে চান্দগাঁও থানায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সাজ্জাদের সহযোগী হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ এবং মো. হেলাল।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) প্রসিকিউশন শাখা জানায়, ২০২৪ সালের ওই হত্যা মামলায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানায় আরও ছয়টি মামলা রয়েছে। এসব মামলাতেও পর্যায়ক্রমে তাঁকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।