দক্ষিণ পূর্ব

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
পঠিত : ১৪
দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

 

পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল।

 

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

 

বঙ্গভবনে দায়িত্ব পালনের প্রথম দিন রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে বসে বিভিন্ন দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

 

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এক দিন আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

 

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ এবং আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের ধারাবাহিকতায় রোববার বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।