বোয়ালখালী উপজেলায় এক মাস বয়সী এক কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শিশুটির মৃত্যুর ভুয়া তথ্য দিয়ে পরিবারের সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত দাদির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সফি মেম্বার বাড়ির বাসিন্দা সিএনজিচালক মো. রাকিব (১৮) ও একই এলাকার রোকনা বেগমের (১৮) সংসারে গত ২০ জুন একটি কন্যাসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের কয়েকদিন পর নবজাতককে নিয়ে রোকনা বাবার বাড়িতে বেড়াতে যান।
রাকিবের দাদি ফিরোজা বেগমের অভিযোগ, গত ২৭ জুলাই তাদের জানানো হয় শিশুটি মারা গেছে এবং তাকে দাফনও করা হয়েছে। তবে পরদিন তিনি রোকনার বাবার বাড়িতে গিয়ে শিশুটির কবর দেখতে চাইলে পরিবারের সদস্যরা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এতে তার সন্দেহ হলে তিনি বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকার এক নিঃসন্তান পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগের পর তদন্ত চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা-বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।