দক্ষিণপূর্ব ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিহীন এই বিশেষ ট্রেনগুলো আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ‘ঢাকা স্পেশাল’ এবং একই রাতে কমলাপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
পরদিন ১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাতে আবারও ঢাকা থেকে কক্সবাজার যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’। ৩ ও ৪ অক্টোবর একই ধরণের সময়সূচি অনুসরণ করে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলবে ট্রেন। অন্যদিকে, ৪ অক্টোবর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে ‘চট্টগ্রাম স্পেশাল’।
প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে চলাচলের সময় আসন সংখ্যা হবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ/সোনার বাংলা ও কক্সবাজার/পর্যটক এক্সপ্রেসের মতো। তবে এসি সিটের জন্য ৩০% এবং নন-এসি সিটের জন্য ২০% অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীদের।
রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান জানান, দুর্গাপূজায় টানা সরকারি ছুটিতে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।