দক্ষিণ পূর্ব

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: এমপি এনাম

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০২:০৪ দুপুর
পঠিত : ১
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: এমপি এনাম

ছবি

Degchibarictg
শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পটিয়া সদরের থানার মোড় এলাকায় শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীর হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

এনামুল হক এনাম বলেন, ‘বিএনপি সরকার সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। বিগত সময়ে সনাতন সম্প্রদায়ের লোকজনকে আমাদের সম্পর্কে ভুল বোঝানো হয়েছিল। আমরা সেই ভুল ভাঙাতে এসেছি।’

তিনি আরও বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। পূজামণ্ডপের আশপাশে কোনো দুষ্কৃতকারীকে দেখা গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার আহ্বান জানান তিনি। এ ধরনের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, নির্বাচনের আগে ও পরে দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী তাঁরা সব সময় সম্প্রদায়টির পাশে রয়েছেন। পটিয়ায় প্রধানমন্ত্রীর উপহারও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শারদীয় দুর্গোৎসব আয়োজন কমিটির সভাপতি শ্রী তপন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জুয়েল চৌধুরী। স্বাগত বক্তব্য দেন লায়ন পুলক কান্তি চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন, বিএনপি নেতা আবদুল মাবুদ, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, রুপন কান্তি দাশ গুপ্ত, শ্যামল কান্তি দে, দেবাশীষ ধর বাপন, প্রিয়ব্রত দাশ, রিগ্যান নন্দী ও রুপন মিত্রসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীর হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।