দক্ষিণ পূর্ব

দুর্গাপূজা সম্প্রীতি ও মানবতার বন্ধন সুদৃঢ় করার উৎসব: মেয়র শাহাদাত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ০৬:১৬ বিকাল
পঠিত : ৩০
দুর্গাপূজা সম্প্রীতি ও মানবতার বন্ধন সুদৃঢ় করার উৎসব: মেয়র শাহাদাত

ছবি

Degchibarictg

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

এক বাণীতে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সত্য, সুন্দর ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার আগমন অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির বিকাশ এবং মানবকল্যাণের বার্তা বহন করে। অন্যায়, অসত্য ও অকল্যাণের বিরুদ্ধে ন্যায়, সত্য ও সুন্দরের প্রতিষ্ঠাই দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য।

মেয়র বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, বহুত্ববাদ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য ঐতিহ্যের দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করবেন—এটাই সাংবিধানিক অধিকার, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সৌন্দর্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী বন্দরনগরী। এখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছেন। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখা এবং নগরীর প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নগরীর সর্বত্র আনন্দ, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন একটি পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য ও মানবিক নগরী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে মেয়র বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও নাগরিক দায়িত্ববোধের সমন্বয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন নগরী প্রতিষ্ঠা করা সম্ভব। দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে উৎসব পালনের আহ্বান জানান তিনি।

বাণীতে মেয়র বলেন, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে মানবতা, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। অশুভ শক্তির বিনাশ হোক, শুভশক্তির জয় হোক এবং সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর বাংলাদেশ।

বাণীর শেষাংশে চট্টগ্রাম মহানগরীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আবারও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।