দক্ষিণপূর্ব ডেস্ক
আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানায়, বুধবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১ আগস্ট) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ এবং সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শনিবার (২ আগস্ট) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা উত্তর-পূর্বাঞ্চলের দিকে বেশি ঝুঁকে পড়বে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি ও কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন ধরেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও দুর্ভোগ থেকে রেহাই মিলবে না এমন আশঙ্কা করছেন অনেকেই।
বিশেষ করে বন্যাপ্রবণ ও পাহাড়ি অঞ্চলগুলোতে অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধস বা আকস্মিক বন্যার ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছেন।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।