দক্ষিণ পূর্ব

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬
পঠিত :
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সোমবার (১৬ মার্চ) -এর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় একটি খালের মাটি কেটে এই কর্মসূচির সূচনা করেন তিনি।

 

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার পুনঃখনন করা হবে। এই মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পানি ব্যবস্থাপনা উন্নত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা দূর করা এবং খরা পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আনার আশা করছে সরকার।

 

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকায় থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে  পৌঁছান। পরে সেখান থেকে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় যান এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি স্থানীয় জনসভায় বক্তব্য রাখেন।

 

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পারিবারিক কবর জিয়ারত, বিকেলে সুধী-সমাবেশে অংশগ্রহণ এবং ইফতার মাহফিলে উপস্থিতি।

 

সরকারের এই আধুনিক খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জীবন ও অর্থনীতিতে বহুমুখী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


খাল পুনঃখননের মাধ্যমে সংরক্ষিত পানির বৈজ্ঞানিক ব্যবহার নিশ্চিত করা হবে। এর ফলে আধুনিক সেচব্যবস্থা গড়ে উঠবে, কৃষকের উৎপাদন খরচ কমবে এবং ফসলের ফলন বাড়বে।


খালে সারা বছর পানি থাকলে মাছচাষ ও হাঁস পালনের মতো লাভজনক খাত সম্প্রসারিত হবে। এতে গ্রামীণ যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে।


দিনাজপুরের সাহাপাড়ায় যে প্রায় ১২ কিলোমিটার খাল খনন করা হচ্ছে, তা সম্পন্ন হলে ওই এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ বর্ষাকালের বন্যা ও জলাবদ্ধতা থেকে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।


খাল খননের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বাঁধ নির্মাণ এবং ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।