গণরায়ের প্রতিফলন এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আকবরশাহ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘জনগণ যে রায় দিয়েছে, সেই রায়কে সম্মান করতে হবে। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ দুটির বাস্তবায়ন ছাড়া এ জাতির কাঙ্ক্ষিত মুক্তি কখনোই সম্ভব নয়।’
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সরকারকে দ্রুত জনগণের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। মানুষের অধিকার হরণ করা হয়েছে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে এ দেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না। তারা যদি আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করে, তাহলে জামায়াতের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।’
শাহজাহান চৌধুরী বলেন, দেশের রাজনীতিতে আর কোনো স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চায় না জনগণ। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। থানা সেক্রেটারি রেজাউল করিম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।