দক্ষিণ পূর্ব

দেশে ঢুকেই শান্তির বার্তা দিলেন তারেক রহমান

মনির ফয়সাল
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫
পঠিত :
দেশে ঢুকেই শান্তির বার্তা দিলেন তারেক রহমান

দক্ষিণপূর্ব ডেস্ক 


প্রায় ১৭ বছর পর দেশে ফিরে পূর্বাচলে লাখো মানুষের সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান স্মরণ করলেন মার্টিন লুথার কিংয়ের অমর বাণী; সেই সুরে সুর মিলিয়ে বললেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। জনমানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেছেন, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এজন্য দেশের সবার সহযোগিতা প্রয়োজন।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তার সঙ্গে বিএনপির নেতারা ছিলেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বক্তব্যে তারেক রহমান বলেন, ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।


তারেক রহমান আরও বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।


শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১-এ যারা শহীদ হয়েছে, ২৪-এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।


তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে বলেন তিনি। গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই।’


মার্টিন লুথার কিং–এর ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির উল্লেখ করে তারেক রহমান বলেন ‘উই হ্যাভ অ্যা প্ল্যান।’ দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক মানুষের সহযোগিতা তার প্রয়োজন। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলেন তিনি।


তারেক রহমান এ সময় মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। তারেক রহমান বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়বো মোদের বাংলাদেশ।’ তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।


বক্তব্য দেওয়ার পরে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে যাচ্ছেন তারেক রহমান। বিকেল সাড়ে চারটার একটু আগে তিনি বাসে উঠেছেন। সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।