স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী হাসপাতালের বিভিন্ন বিভাগ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে পার্কভিউ হসপিটালের হাউজকিপিং বিভাগের ১২ জন কর্মী অংশ নেন।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিমের পরিকল্পনায় এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। কার্যক্রমের আওতায় হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণ, প্রয়োজনীয় স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগী ও সেবাগ্রহীতাদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ)। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।
পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি।
কর্তৃপক্ষ আরো জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হসপিটাল লিমিটেড স্বাস্থ্যসেবার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা চর্চায় উৎসাহ জোগানো এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।
পরিচ্ছন্নতা কার্যক্রমে পার্কভিউ হসপিটালের মার্কেটিং সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন, অফিসার তালুকদার মশিউর রহমান এবং হাউজকিপিং অফিসার মো. আরিফ উপস্থিত ছিলেন।
জেএফআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।