ধর্মীয় বিধিবিধান মেনে উৎসব উদযাপন করা প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করা সরকারের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরও নৈতিক দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপনে সরকার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, সরকার ও দলের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদানও বরাদ্দ দেওয়া হয়েছে। মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর সর্বকালের সর্বোচ্চ অনুদান বরাদ্দ দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন।
অনুষ্ঠানে মোহন পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্যসচিব মো. মোরছালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব মো. সালে আহমদ সলু, সাবেক সভাপতি মো. ইউছুফ নিজামী, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুনান্দ ভট্টাচার্য সাগর, উপজেলা পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী।
এ ছাড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম ও ছোট সেলিম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার প্রার্থী মো. সহিদুল্লাহ ভূঁইয়া, সীতাকুণ্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহসভাপতি নুর মোহাম্মদ, সাবেক মহিলা কমিশনার মাসুদা আক্তার ও মাহফুজা মাওলা লাকীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।