দক্ষিণ পূর্ব

নকআউটের আগে শীর্ষস্থান চায় ইংল্যান্ড-পর্তুগাল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ জুন ২০২৬
পঠিত :
নকআউটের আগে শীর্ষস্থান চায় ইংল্যান্ড-পর্তুগাল

ছবি সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের পথে। শেষ ম্যাচে নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার লক্ষ্য নিয়ে আজ রাতে মাঠে নামছে ইংল্যান্ড, আর আগামীকাল ভোরে গুরুত্বপূর্ণ পরীক্ষায় নামবে পর্তুগাল।

 

গ্রুপ এল-এ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ঘানার সমান অবস্থানে রয়েছে ইংল্যান্ড। শনিবার রাত ৩টায় মেটলাইফ স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে ইতোমধ্যে পয়েন্টহীন পানামার। জয় পেলে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে থ্রি লায়ন্সদের।

 

অন্যদিকে, রবিবার ভোর ৫টা ৩০ মিনিটে মায়ামিতে গ্রুপ কে-র শীর্ষে থাকা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। গ্রুপের শীর্ষস্থান দখল করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সামনে। কারণ রানার্সআপ হিসেবে শেষ করলে নকআউট পর্বে অপেক্ষা করতে পারে কঠিন প্রতিপক্ষ।

 

বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে কিছুটা ছন্দ হারায় দলটি। তাই শেষ ম্যাচে জয় দিয়েই আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টমাস টুখেলের শিষ্যরা।

 

তবে পানামাকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ইংল্যান্ড কোচ টমাস টুখেল। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, *"ওরা এমন একটি দল, যাদের রক্ষণ ভাঙা খুব কঠিন। প্রতিপক্ষকে খুব কম সুযোগই দেয়।"*

 

শুক্রবারের ফলাফলে ইংল্যান্ডের নকআউট পর্ব নিশ্চিত হলেও পানামার বিপক্ষে হোঁচট খেলে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দলটির সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

 

একইভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে পর্তুগালের সামনেও। টুর্নামেন্টের শুরুতে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় পর্তুগিজরা।

 

কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে শেষ ৩২-এ তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে পর্তুগাল। কিন্তু রানার্সআপ হলে ইংল্যান্ড-ঘানা-ক্রোয়েশিয়ার গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে খেলতে হতে পারে। এরপর শেষ ষোলোতে স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে পড়ার সম্ভাবনাও তৈরি হবে।

 

তাই নকআউট পর্বের পথ সহজ করতে শনিবারের ম্যাচে জয়ই এখন ইংল্যান্ড ও পর্তুগালের প্রধান লক্ষ্য।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।