দক্ষিণ পূর্ব

নগরবাসীর হাতের নাগালে ১০ সেবা: চালু হচ্ছে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

shakhawat sohan
shakhawat sohan
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ০৬:০৯ সকাল
পঠিত : ৫
নগরবাসীর হাতের নাগালে ১০ সেবা: চালু হচ্ছে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক 

চট্টগ্রাম নগরবাসীর সময়, খরচ ও ভোগান্তি কমাতে চালু হচ্ছে ডিজিটাল নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে চালু হতে যাচ্ছে এই অ্যাপ, যা নগরবাসীর ১০টি গুরুত্বপূর্ণ সেবা পৌঁছে দেবে হাতের নাগালে। আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক সূত্রে জানা গেছে, নাগরিক সেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে নেয়া হয়েছে এই উদ্যোগ। ‘আমাদের চট্টগ্রাম’ একটি ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস ও ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে নাগরিকরা এলাকার সমস্যা জানাতে, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবং সরাসরি মেয়র ও কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

অ্যাপ ব্যবহারের নিয়ম: গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। এরপর ক্যাটাগরি ও লোকেশন নির্বাচন করে নাগরিকরা সমস্যা জানাতে পারবেন। অভিযোগটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছে যাবে এবং ব্যবহারকারীরা জানতে পারবেন অভিযোগটি ‘প্রক্রিয়াধীন’ না ‘সমাধান হয়েছে’।

অ্যাপে পাওয়া যাবে ১০টি সেবা— শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, মশা নিয়ন্ত্রণ, আবর্জনা ব্যবস্থাপনা, সড়কবাতি, পাবলিক টয়লেট, ড্রেনেজ, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা।

নাগরিকদের জন্য বিশেষ ফিচার: এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা নিজেদের এলাকার সমস্যা জানাতে পারবেন এবং অভিযোগের অগ্রগতি সরাসরি দেখতে পারবেন। মশাবাহিত রোগে আক্রান্ত এলাকার তথ্য দিলে চসিক দ্রুত ব্যবস্থা নিতে পারবে।
এক ক্লিকেই জরুরি নম্বরে ফোন করা বা লোকেশন শেয়ার করা যাবে। এছাড়া চট্টগ্রামের সাম্প্রতিক খবর, চসিকের ঘোষণা, নাগরিক মতামত ও জরিপে অংশগ্রহণ, গুরুত্বপূর্ণ লোকেশন খোঁজা এবং সরাসরি মেয়রের সঙ্গে চ্যাটের সুযোগ থাকবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সেবা প্রদানে চসিককে আরও ডিজিটাল ও নাগরিকবান্ধব করা হবে। দেশের অন্যতম প্রধান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে চসিক প্রতিটি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যাতে নাগরিকদের ভোগান্তি কমে।

তিনি আরও বলেন, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ময়লা না পরিষ্কার হলে, রাস্তা ভাঙা থাকলে, নালা-ড্রেন নোংরা হলে বা স্ট্রিট লাইট নষ্ট হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। স্কুল, হাসপাতাল বা ক্লিনিকের অনিয়মও রিপোর্ট করা যাবে। এতে সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

প্রজেক্ট ম্যানেজার শাহীন আলম বলেন, ‘আমাদের চট্টগ্রাম’ একটি আধুনিক নাগরিক সেবা ব্যবস্থা। এর মাধ্যমে নাগরিকরা এক জায়গা থেকেই চসিকের নানাবিধ সেবা পাবেন, যা সেবাকে করবে দ্রুত, স্বচ্ছ ও কার্যকর।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।