দক্ষিণ পূর্ব

নাইক্ষ্যংছড়িতে দেড় লাখ ইয়াবাসহ আটক ১

Istiyak
Istiyak
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ০৬:০২ সকাল
পঠিত : ২৮
নাইক্ষ্যংছড়িতে দেড় লাখ ইয়াবাসহ আটক ১

ছবি: সংগৃহীত

Degchibarictg
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এর মধ্যে বিজিবি ৭০ হাজার এবং পুলিশ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত টমটমও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এবং নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া টিএনটি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। দুটি অভিযানে উদ্ধার করা ৭০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মালিকবিহীন উদ্ধার করা ইয়াবার বিষয়ে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অন্যদিকে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশনের সামনের সড়কে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় মো. নুরুল আজিম (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরারকাছা এলাকার মুক্তার আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুরুল আজিমের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত টমটমের পেছনের অংশে বিশেষ কৌশলে ঢালাই করে তৈরি করা গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।’

জেএফআই/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।