কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে টেকনাফ মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, নাফ নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি এক রোহিঙ্গা যুবকের।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নাফ নদী থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় জাদিমুরা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।