দক্ষিণ পূর্ব

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা,কাঁচা মরিচ ৪০০ টাকায়

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬
পঠিত :
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা,কাঁচা মরিচ  ৪০০ টাকায়

ফাইল ছবি

টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচ ও অধিকাংশ সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

 

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে পাঙাশ ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৭০০ টাকা, দেশি কৈ ৭০০ থেকে ৮০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের বাজারেও ঊর্ধ্বমুখী দাম। আকার ও মানভেদে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকায়।

 

সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ১০০ টাকা বেড়ে বর্তমানে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও বন্যায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে গেছে। একই কারণে অধিকাংশ সবজির দামও ১০০ টাকার আশপাশে রয়েছে। লম্বা বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা এবং বরবটি ১১০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দেড়-দুই সপ্তাহ আগে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ফার্মের মুরগির ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১৪৫ থেকে ১৫৫ টাকায় পৌঁছেছে। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম এবং গরুর মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন হয়নি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে।

 

বিক্রেতাদের ভাষ্য, টানা বৃষ্টি, বন্যা, উৎপাদন কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কারণে খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে।

 

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম একসঙ্গে বাড়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। রিকশাচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, আগে সপ্তাহে এক-দুদিন মাছ কিনতে পারলেও এখন ডিম ও সবজি কিনেই হিমশিম খেতে হচ্ছে। আরেক ক্রেতা নাসরিন আক্তারের ভাষ্য, মরিচ, ডিম, পেঁয়াজ ও সবজির দাম একসঙ্গে বেড়ে যাওয়ায় প্রতিদিনই নতুন করে বাজারের হিসাব মেলাতে হচ্ছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।