দক্ষিণ পূর্ব

নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির

RAFIQ HYDER
প্রকাশ : ২৪ জানুয়ারী ২০২৬
পঠিত :
নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং আরও জোরদার করে জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

সভায় আইজিপি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

 তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

সভায় আইজিপির দিকনির্দেশনার আলোকে নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণমূলক কিছু দাবি তুলে ধরেন। 
দাবিগুলোর মধ্যে ছিল- দ্বীপ থানাগুলোর জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল কেনায় ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বাড়ানো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর মোট ৪৫৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।