দক্ষিণ পূর্ব

নির্বিঘ্ন দুর্গাপূজা সম্প্রীতি ও সমন্বিত উদ্যোগের ফসল: আবু সুফিয়ান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ০৪:১১ দুপুর
পঠিত : ৩১
নির্বিঘ্ন দুর্গাপূজা সম্প্রীতি ও সমন্বিত উদ্যোগের ফসল: আবু সুফিয়ান

ছবি

Degchibarictg

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এটি সরকারের কার্যকর পদক্ষেপ ও সার্বিক ব্যবস্থাপনার প্রতিফলন। এই ধারাবাহিকতা বজায় রেখে সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এসে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাঁর এ উদ্যোগ ধর্মীয় উৎসবের প্রতি সরকারের আন্তরিকতা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। উৎসবের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সরকারের গুরুত্ব দেওয়ার কারণে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে যে সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে, তা সারা বছর ধরে রাখতে হবে। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দুর্গোৎসবের সমাপ্তিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আক্তার খান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম লাবু, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সালাহউদ্দিন, ওয়াসিম, কোতোয়ালি থানা মহিলাদলের সাধারণ সম্পাদক মনোয়ারা বাবুল, রাজিব নন্দী দাস, সালমান, সাজু দাশ ও মিঠুন দাশসহ অন্যরা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।