স্পোর্টস ডেস্ক
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই নিজের ছন্দের কথা যেন নতুন করে মনে করিয়ে দিলেন লিওনেল মেসি।
বাংলাদেশ সময় বুধবার (৩০ জুলাই) সকালে লীগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব এটলাসের বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেসির অসাধারণ দুই অ্যাসিস্টে ২-১ গোলে জিতেছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটি।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ম্যাচের ৫৭তম মিনিটে মেসির প্রথম অ্যাসিস্ট থেকে ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে দেন। তবে ৮২তম মিনিটে এটলাসের রিভালদো লোজানো গোল করে ম্যাচে সমতা ফেরান।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই যোগ করা ষষ্ঠ মিনিটে মেসির জাদু। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে সতীর্থ লুইস সুয়ারেজকে পাস দেন মেসি। এরপর বল আবার ফিরে আসে আর্জেন্টাইন মহাতারকার কাছেই। বাঁ প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে গোল লাইনের কাছ থেকে নিখুঁত এক ক্রস বাড়ান তিনি, যেটা ফিনিশ করেন মার্সেলো ভাইগান্ট। গোলের পর উচ্ছ্বসিত ভাইগান্ট কোলে তুলে নেন মেসিকে।
তবে রোমাঞ্চ তখনো শেষ হয়নি— সহকারী রেফারির অফসাইড পতাকায় থমকে যায় উদযাপন। কোচ হাভিয়ের মাসচেরানো বারবার ভিএআরের অনুরোধ জানালে শেষে যাচাই করে গোলের স্বীকৃতি মেলে। গোলের বৈধতা পেয়ে বুনো উল্লাসে ফেটে পড়েন মেসি ও তার সতীর্থরা।
ম্যাচের পর মেসি জানান, সত্যি বলতে, এই গরমে খেলা কঠিন। আগের ম্যাচে খেলতে না পারায় ছন্দ হারিয়ে ফেলেছিলাম কিছুটা। তবে আমরা জিতেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এমএলএস অলস্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি ও জর্দি আলবা।
এই ম্যাচ দিয়েই মায়ামির হয়ে অভিষেক হয়েছে মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলের। পুরো ম্যাচে মায়ামি বলের দখলে এগিয়ে থাকলেও (৫৫ শতাংশ), তারা মাত্র ৫টি শট লক্ষ্যে রাখতে পেরেছে ১৯টি শট থেকে। অন্যদিকে এটলাসের ১৫টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।
চলতি মাসে ইতোমধ্যেই ৮ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন মেসি। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে এমএলএস মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে এই আর্জেন্টাইন মহাতারকার হাতেই। ২০২৩ সাল থেকে নতুন রূপে যাত্রা শুরু করা লীগস কাপের আগের আসরেও শিরোপা জিতে মেসি নিজের ক্লাব ক্যারিয়ারের প্রথম ট্রফি জিতেছিলেন ইন্টার মায়ামির হয়ে। এবারও সেই পথেই এগোচ্ছে দলটি।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।