দক্ষিণ পূর্ব

নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাজেকে পর্যটকের ঢল

saiful
saiful
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১০:২৫ দুপুর
পঠিত : ২২
নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাজেকে পর্যটকের ঢল
Degchibarictg

রাঙামাটি প্রতিনিধি

প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ কর্মসূচি শিথিলের পর আবারও পর্যটকদের জন্য খুলেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাত শতাধিক পর্যটক সাজেকে প্রবেশ করেছেন। এতে দীর্ঘদিন স্থবির হয়ে থাকা পর্যটন খাতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। প্রায় চার দিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে সাজেকের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আগের নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রগুলো আবারও খুলে দেওয়ার ঘোষণা দেয় জেলা প্রশাসন।

এর আগে গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকা সড়ক অবরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ১১ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া অবরোধে সাজেক সড়কে যান চলাচল ব্যাহত হয়। পর্যটকবাহী যানবাহনসহ বিভিন্ন গাড়ি আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

পরবর্তী সময়ে প্রশাসনের সঙ্গে আলোচনা এবং শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিয়ে দুই সংগঠন ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। সাজেক মাচলং বাজারের দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠন দুটির নেতারা।

তবে সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা, জানমালের সুরক্ষা এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংগঠন দুটি। দুর্গাপূজার পর দাবিগুলো পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা জানিয়েছে।

সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় রিসোর্ট, কটেজ, পরিবহনসহ পর্যটননির্ভর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে দুর্গাপূজার ছুটিতে সাজেক ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের জন্য এ সিদ্ধান্ত স্বস্তিদায়ক।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুপর্ণ দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে পূজার ছুটি ঘিরে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খাগড়াছড়ি থেকে আসা পর্যটকেরা নিরাপদে সাজেকে পৌঁছেছেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।