দক্ষিণ পূর্ব

নেতাকর্মীদের তথ্য নিয়ে স্থায়ী ডাটাবেস করবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
পঠিত :
নেতাকর্মীদের তথ্য নিয়ে স্থায়ী ডাটাবেস করবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

ডাটাবেস উদ্বোধন করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করে একটি স্থায়ী ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে দলটি। ৪০ দিনব্যাপী এ কার্যক্রমের আওতায় দেশের নির্ধারিত জেলাগুলো থেকে দলের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ, সংরক্ষণ করে তা কেন্দ্রীয় তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হবে।

 

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় নগরের চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম.এ. মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ।

 

সভাপতির বক্তব্যে মাওলানা এম.এ. মতিন বলেন, ‘দলের নেতাকর্মীদের একটি তথ্যভান্ডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশব্যাপী দলের কতসংখ্যক নিবেদিত ও পরীক্ষিত নেতাকর্মী রয়েছেন, তাঁদের তথ্য সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে থাকা নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ দীর্ঘমেয়াদি ও স্থায়ী করা সম্ভব হবে।’

 

দলের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য নথি আকারে সংরক্ষণ করতে এ নিবন্ধন গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মও এই তথ্যের মাধ্যমে জানতে পারবে, কে এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনে তাঁর ভূমিকা কী ছিল।’

 

তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের এ কার্যক্রমে গুরুত্বসহকারে অংশ নেওয়া এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

 

মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ বলেন, ‘এই ডাটাবেস হবে সংগঠনের নেতাকর্মীদের তথ্যভান্ডার। সমস্ত তথ্য এখানে সংরক্ষিত থাকবে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এটি সংরক্ষিত থাকবে।'

 

তিনি বলেন, 'দলের বর্তমান নেতাকর্মীরা একসময় না থাকলেও এই তথ্যভান্ডার সংগঠনকে সমৃদ্ধ করবে এবং সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। একই সঙ্গে বর্তমান কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের কার্যক্রম পরিচালনার জন্য এটি নতুন পাথেয় হিসেবে কাজ করবে।'

 

৪০ দিনব্যাপী এ কার্যক্রমে নির্ধারিত জেলাগুলোতে নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি। ৪০ দিনব্যাপী এটি চলবে। কার্যক্রমটি গুছিয়ে নেওয়া ও এগিয়ে নিতে সর্বস্তরের নেতাকর্মীদের পরিপূর্ণ সহযোগিতা প্রয়োজন।’

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাও. রেজাউল করিম তালুকদার, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, ইঞ্জি. নুর হোছাইন, ইঞ্জি. জসিম উদ্দীন, মহিউল আলম চৌধুরী, মাওলানা জায়নুল আলম, আলী হোসাইন, আলমগীর, জাহাঙ্গীর আলম, মাওলানা করিম উদ্দীন নুরী, মাওলানা মুসা, মো. আবির প্রমুখ।

এসআই/দক্ষিণপূর্ব

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।