দক্ষিণ পূর্ব

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৬:২৯ বিকাল
পঠিত : ২৯
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

ছবি

Degchibarictg

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত আলিফ ফকির আইপিটিভি রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তেলুঞ্জিয়া গ্রামে তাঁর শ্বশুরবাড়ি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ির পাশের একটি দোকানে যান আলিফ। সেখান থেকে বের হয়ে মোবাইল ফোন নিতে আবার দোকানে ফিরে আসেন তিনি। পরে ফোন নিয়ে বাড়ির পথে রওনা হলে পেছন থেকে দুই যুবক তাঁর দিকে একাধিক গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, আলিফ তাঁর দোকানে সিগারেট কিনতে এসেছিলেন। যাওয়ার সময় মোবাইল ফোন ফেলে যাওয়ায় আবার সেটি নিতে ফিরে আসেন। ফোন নিয়ে চলে যাওয়ার সময় দুজন লোকও তাঁর পেছনে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ শুনতে পান তিনি। ভয়ে দোকানের ভেতরে চলে যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।