দক্ষিণ পূর্ব

নোহা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ জুন ২০২৬
পঠিত : ১০
নোহা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

ছবি :

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে বরইতলী-পেকুয়া সড়কের নতুন রাস্তার মাথার পশ্চিম পাশে মোহাজেরপাড়া এলাকার আমিনের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাহবুবুল আলম (৩০) এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে মো. রাসেল প্রকাশ শুক্কর (২৪)। তারা দুজনই পেশায় রাজমিস্ত্রী। আহত সাহেদ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সড়কের ধারে লাকড়ির স্তুপ করে রাখায় পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি নোহা গাড়ি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ সময় গ্রামের রাস্তা থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে ওঠার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা নোহা গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহবুবুল আলমের মৃত্যু হয়। গুরুতর আহত রাসেল ও সাহেদকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত সাহেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনায় প্রথমে ঘটনাস্থলে একজন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে। নিহতদের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ ও দায় নিরূপণে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।