মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবরকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে যে খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
বিবৃতিতে দাবি করা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
গত শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়েও বিবৃতিতে বক্তব্য দেওয়া হয়। এতে বলা হয়, ওই ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।