নিজস্ব প্রতিবেদক
পরিবেশ রক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি। চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ ছালাম।
এ সময় তিনি বলেন, ‘পরিবেশ আজ আমাদের কাছ থেকে দায়বদ্ধতা চায়। সবুজে ঢাকা পৃথিবী আজ হুমকির মুখে। তরুণ প্রজন্মকে নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।’ তিনি জুলাই মাস জুড়ে নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজীদ। আরও উপস্থিত ছিলেন সিটি ইউনিটের কার্যকরী সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদি হাসান রায়হান, ইউএলও আবদুর রহিম আকন, সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য, দূর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান রাকিবুল ইসলামসহ সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, বেল, নিম, বহেরা, হরিতকি, অর্জুনসহ নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে আয়োজনটি ছিল উৎসবমুখর।
আয়োজকরা জানান, ‘এক স্বেচ্ছাসেবক, এক গাছ’ স্লোগানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম। পরিবেশ রক্ষায় সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।