দক্ষিণ পূর্ব

ঈদের ছুটিতে পর্যটকের ভীড়ে মুখর বান্দরবান

sathi
প্রকাশ : ২ এপ্রিল ২০২৫
পঠিত :
ঈদের ছুটিতে পর্যটকের ভীড়ে মুখর বান্দরবান

আমিনুল ইসলাম খন্দকার

ঈদের ছুটিতে পর্যটকের ভীড়ে মুখরিত হচ্ছে বান্দরবান। সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে প্রকৃতি প্রেমী মানুষের ঢল নেমেছে জেলাটিতে। ঈদুল ফিতর ও সাপ্তাহিক সরকারি ছুটিতে বান্দরবানের হোটেল- মোটেলগুলো শতভাগ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন হোটেল মালিক কর্তৃপক্ষ। 

এরইমধ্যে ২-৫ এপ্রিল পর্যন্ত বান্দরবান জেলা শহরের অধিকাংশ হোটেল-মোটেলের ৮০ থেকে ১০০ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণ প্রত্যাশীরা। পাশাপাশি ওই দিনগুলোতে ঢাকা থেকে বান্দরবান অভিমুখী যেসব নিয়মিত গণপরিবহন রয়েছে প্রায় সবগুলোর আসনও আগাম বুকিং হয়ে গেছে। আগামী ৩-৬ এপ্রিল বান্দরবান থেকে ঢাকাগামী পরিবহনগুলোও আগাম বুকিং হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোর ব্যাপক ব্যস্ততা। এসব স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।

বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, শহরের সব হোটেল শতভাগ বুকিং হয়ে গেছে। বাংলাদেশি পর্যটকদের পাশাপাশি, ভারতে ভ্রমণ বন্ধ থাকায় কিছু বিদেশি পর্যটকরাও বান্দরবানে আসছেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা আনন্দিত।

এদিকে মাইক্রোবাস, জিপ, কার মালিক সমিতির সভাপতি মো. নাছির বলেন, এবারের ঈদের লম্বা ছুটিতে রেকর্ডসংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। চালকরা যাতে অতিরিক্ত ভাড়া না নেন, সে বিষয়টি আমরা তদারকিতে রেখেছি। পর্যটকদের সুন্দরভাবে পর্যটনস্পটগুলো ঘুরে দেখাতে আমাদের ৪০০-এর বেশি গাড়ি পর্যটকদের সেবা দিচ্ছে।

বাসস্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে বান্দরবান অভিমুখী যেসব নিয়মিত গণপরিবহন রয়েছে প্রায় সবগুলোর আসনও আগাম বুকিং হয়ে গেছে।

শ্যামলী পরিবহনের ম্যানেজার জাহেদুল ইসলাম বাপ্পা বলেন, ২, ৩ ও ৪ এপ্রিল ঢাকা থেকে বান্দরবানগামী এবং ৩, ৪, ৫ ও ৬ এপ্রিল বান্দরবান থেকে ঢাকাগামী বাসগুলোর সব সিট আগাম বুকিং হয়ে গেছে।

সেন্টমার্টিন পরিবহনের ম্যানেজার আবিদুল ইসলাম বলেন, ২, ৩ ও ৪ ডাবল গাড়ি দিয়েও ঢাকা থেকে বান্দরবানগামী সব বাসের সিট আগাম বুকিং হয়ে গেছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের অতিরিক্ত পেট্রোল দল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি পর্যটন কেন্দ্রে পোশাকে ও সাধারণ পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবে।

এদিকে বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকরা যেন নিরাপদে পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমন করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বেড়াতে আসা পর্যটকরা যাতে নিরাপত্তার সাথে বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমন করতে পারে সেজন্য প্রশাসন সচেষ্ট রয়েছে আর পুলিশের পাশাপাশি ট্যুারিস্ট পুলিশের সদস্যরা ও নিয়মিত নিরাপত্তার জন্য কাজ করছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।