নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ জনসভা শুরু হয়। বেলা ১১টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হন। আগে থেকেই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত হন।
ভোর থেকে দলে দলে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সমাবেশ শুরুর আগেই পোলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশ ঘিরে নেতাকর্মীরা সবাই উচ্ছ্বসিত। ভোর থেকে জেলা, উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন পলোগ্রাউন্ডে। ব্যানার-ফেস্টুনসহ মিছিলে নানা স্লোগান দিয়ে কর্মীরা প্রবেশ করছেন পলোগ্রাউন্ড মাঠে।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহের সভাপতিত্বে সমাবেশে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে বাঁচানোর জন্য ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
দীর্ঘ ২০ বছর পর শনিবার রাতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে।
এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এ পলোগ্রাউন্ড মাঠে তার প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা হয়েছিল।
২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।