নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপে টানা ম্যাচ খেলার ধকল নিয়েই ফাইনালের মিশনে মাঠে নামছে বাংলাদেশ। ভারত ম্যাচের রেশ কাটতে না কাটতেই, টাইগারদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ—পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে এই হাইভোল্টেজ ম্যাচ।
এই ম্যাচে জয় পেলে কোনো রকম হিসাব ছাড়াই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। বিপরীতে হারলে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেবে পাকিস্তান। অর্থাৎ, এই ম্যাচই ঠিক করে দেবে ভারতের ফাইনাল প্রতিপক্ষ—বাংলাদেশ না পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তানি পেস তারকা শাহিন শাহ আফ্রিদি। তার মতে, বাংলাদেশ এখন শক্তিশালী দল এবং তাদের হারাতে হলে তিন বিভাগেই খেলতে হবে নিখুঁত ক্রিকেট।
আফ্রিদি বলেন, “বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভালো খেলতে হবে।”
ভারতের কাছে হারার পর বাংলাদেশের জন্য এখন কোনো পথ খোলা নেই—ফাইনালে যেতে হলে জিততেই হবে পাকিস্তানের বিপক্ষে। সেক্ষেত্রে, কোনো ধরনের নেট রানরেট বা অন্য সমীকরণের প্রয়োজন পড়বে না।
এখন সবকিছু নির্ভর করছে দুবাইয়ের মাঠের ২২ গজে। টাইগাররা কি পারবেন ইতিহাস গড়ে আরেকটি ফাইনাল নিশ্চিত করতে? সেই উত্তরের অপেক্ষায় গোটা বাংলাদেশ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।