দক্ষিণ পূর্ব

পার্কভিউ হাসপাতালে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০২:৫৪ দুপুর
সর্বশেষ আপডেট : ৩৪ মিনিট আগে
পঠিত : ৪৭
পার্কভিউ হাসপাতালে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ

ছবি : দক্ষিণপূর্ব

Degchibarictg

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগের প্রাথমিক শনাক্তকরণে নারীদের উৎসাহিত করতে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ও চিকিৎসকের পরামর্শসেবা শুরু হয়েছে। অক্টোবর মাসজুড়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম। এ সময় হাসপাতালের সার্জারি ও গাইনি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, সচেতনতার অভাব, সামাজিক সংকোচ ও অবহেলার কারণে অনেক নারী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো উপেক্ষা করেন। ফলে রোগ শনাক্তে বিলম্ব হয়, যা পরবর্তী সময়ে জটিলতা বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে অক্টোবরজুড়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্ক্রিনিং ও পরামর্শসেবা দেওয়া হচ্ছে। রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানান তিনি।

কর্মসূচির প্রথম দিনে সেবা দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব। তিনি বলেন, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়লেও গ্রামাঞ্চলের নারী ও পঞ্চাশোর্ধ্ব নারীদের একটি অংশের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে।

তিনি বলেন, স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে স্তনে ব্যথাহীন চাকা বা পিণ্ড দেখা দিতে পারে। তাই নারীদের স্তনের স্বাভাবিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা এবং কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ডা. নাজমা মাহবুব আরও বলেন, প্রতি মাসে অন্তত একবার স্তন ও বগলের অংশে অস্বাভাবিক কোনো পরিবর্তন রয়েছে কি না, তা খেয়াল রাখা উচিত। সন্দেহজনক লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। বয়স, শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে আল্ট্রাসনোগ্রাফি বা ম্যামোগ্রাফির মাধ্যমে রোগ শনাক্তকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে।

বিশ্বব্যাপী অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে পার্কভিউ হসপিটাল লিমিটেডের এ উদ্যোগের মাধ্যমে নারীদের মধ্যে রোগটির ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, সময়মতো পরীক্ষা ও আধুনিক চিকিৎসাসেবা সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।