দক্ষিণ পূর্ব

পুলিশকে কামড়-আঁচড় দিয়ে আসামির পালানোর চেষ্টা, পরে গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
পঠিত :
পুলিশকে কামড়-আঁচড় দিয়ে আসামির পালানোর চেষ্টা, পরে গ্রেপ্তার

ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য, মামলার বাদীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় আসামি মোহাম্মদ মহিউদ্দিন (২৮)। পরে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহিউদ্দিন উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আবদুল মান্নান নামে এক ব্যক্তি আদালতে সিআর মামলা করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওয়ারেন্ট বাস্তবায়নে রোববার রাতে মহিউদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। মামলার বাদী আবদুল মান্নানও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন। একপর্যায়ে পুলিশ মহিউদ্দিনকে আটক করে হাতকড়া পরালে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।

পুলিশের দাবি, ধস্তাধস্তির সময় মহিউদ্দিন এক পুলিশ সদস্যকে আঁচড় ও কামড় দেন। এতে তিন পুলিশ সদস্যসহ মামলার বাদী ও আরও একজন আহত হন। পরে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হন মহিউদ্দিন।

ঘটনার পরপরই তাকে ধরতে এলাকায় অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। রাত সাড়ে ১২টার দিকে তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। এ ছাড়া মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০) আহত হয়েছেন।

এ ঘটনায় চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ জেবল হোসাইন (২৩)কে আটক করেছে পুলিশ। তিনি মূল মামলার আসামি নন বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় কয়েকজন আহত হন এবং আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রাম পুলিশ জেবল হোসাইনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।