শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) দায়বদ্ধতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, যেসব ইউনিয়ন ও ওয়ার্ডে পূজামণ্ডপ রয়েছে, সেসব এলাকায় পূজার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রধান আসামি করে মামলা করা হবে।
এর আগে গত ৪ অক্টোবর সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো এবং প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।