শ্রীলঙ্কার সাবেক তারকা পেসার চামিন্দা ভাস প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোচিংয়ে যুক্ত হয়েছেন। দিল্লি ক্যাপিটালস তাকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। এর আগে দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে। এবার কোচিং প্যানেলে যুক্ত হলেন চামিন্দা ভাস।
এর আগের দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ ছিলেন ভারতের সাবেক পেসার মুনাফ প্যাটেল। তার স্থলাভিষিক্ত হলেন ৫২ বছর বয়সী ভাস। শ্রীলঙ্কা জাতীয় দলের পাশাপাশি নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।
শ্রীলঙ্কার হয়ে টেস্ট ক্রিকেটে ৩৫৫টি এবং ওয়ানডেতে ৪০০টি উইকেট নিয়েছেন ভাস। খেলোয়াড়ি জীবনে আইপিএলেও অংশ নিয়েছেন তিনি। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে তিন মৌসুমে ১৩টি ম্যাচ খেলে ১৮টি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।
এদিকে, ভারতের সাবেক লেগস্পিনার অমিত মিশ্রকে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে তার। গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া মিশ্রর এখনো কোচিংয়ে অভিষেক হয়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।